বর্তমানের উপজেলাব্যবস্থা কেন্দ্রীয় সরকারের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বর্তমানের উপজেলাব্যবস্থা কেন্দ্রীয় সরকারের ছায়া মাত্র। উন্নয়ন পরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত না করলে সুফল পাওয়া যাবে না। গতকাল মঙ্গলবার ডেমক্রেসিওয়াচ আয়োজিত ‘ইউনিয়ন পরিষদের বাজেট বিভাজন, ব্যয় পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আকবর আলি খান এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আকবর আলি খান আরও বলেন, দাতারা ক্ষমতার বিকেন্দ্রীকরণে কাজ করছে বলে দাবি করে। অথচ তাদেরই পরামর্শে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতো ভুঁইফোড় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আর তারাই ওই অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় সরকারের কাজ কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে। তাই স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের কোনো অংশগ্রহণ নেই। আকবর আলি খান বলেন, সরকারের বেশির ভাগ অর্থই কেন্দ্রীয় সরকার খরচ করে থাকে। অথচ এই টাকা স্থানীয় সরকারের মাধ্যমে খরচ করার কথা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য স্থানীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে ডেমক্রেসিওয়াচের পক্ষ থেকে যশোরের ১০টি ইউনিয়নের ২০১০-১১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এসব বাজেট পরিকল্পনার সমালোচনা করে বলেন, ইউনিয়ন পরিষদগুলো (ইউপি) উন্মুক্ত বাজেট করে বটে, তবে বাজেটের ব্যয় ও আয়ের কোনো পরিকল্পনা তারা করে না। পরিকল্পিত খাত না থাকায় বছর শেষে অপরিকল্পিতভাবে টাকা খরচ করা হয়। যশোরের ১০টি ইউনিয়নের গত ছয় মাসের চিত্র তাই প্রমাণ করে। ইউপি চেয়ারম্যানদের ক্ষমতা ও সুযোগ যেটুকু আছে তা তাঁরা কাজে লাগান না বলে মন্তব্য করেন সাংসদ আশরাফ আলী খান। তিনি বলেন, সময়মতো পরিকল্পনা না করলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না। তবে ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, আবদুর রাজ্জাক, শহীদুল ইসলাম ও নার্গিস আক্তার অভিযোগ করেন, সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের অযাচিত হস্তক্ষেপের কারণে তাঁরা সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আখতার হোসেন ও তাহরুন্নেসা আবদুল্লাহ।