বর্ধমান বিস্ফোরণ তদন্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারতে বর্ধমান বিস্ফোরণ ঘটনার তদন্তের অগ্রগতি দেখতে আজ সোমবার সেখানে যাচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তদন্তের সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে রাজ্য সরকারকে অবহিত করার জন্য তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন। খবর বিবিসির।
সরকারি সূত্রগুলো জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই সফরে ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি সফরকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাতে তিনি মুখ্যমন্ত্রীর হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠিও তুলে দেবেন বলে সূত্রগুলো জানায়।
পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি মাদ্রাসায় ২ অক্টোবর বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়। প্রথমে নিছক দুর্ঘটনা মনে করা হলেও পরে এর সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে ভারতের গোয়েন্দারা বলছেন। গুরুত্বের বিচারে এ ঘটনার তদন্তের ভার রাজ্য পুলিশের কাছ থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির (এনআইএ) হাতে হস্তান্তর করা হয়।
তারপর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘটনা তদন্তের সার্বিক তদারকির দায়িত্ব অজিত দোভালের ওপর ন্যস্ত করা হলো। এর আগে এনআইএর প্রধান শরদ কুমারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্কে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক করেন। দুই দেশের সরকারপ্রধানই এক দেশের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার না করতে দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেন। তারই সপ্তাহ খানেকের মধ্যেই বর্ধমান-কাণ্ড ঘটে, যা ভারতের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গ্রেপ্তার এক সন্দেহভাজন: কলকাতা প্রতিনিধি জানান, ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর থেকে বর্ধমান বিস্ফোরণের সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্কফোর্স। গত শনিবার সন্ধ্যায় শিস মোহাম্মদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করছে দেশটির পুলিশ।