বর্ধমান বিস্ফোরণে নিহত সুবহান বাংলাদেশি নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় নিহত দুজনের একজন সুবহান মণ্ডলের নাগরিকত্বের পরিচয় মিলেছে। তিনি বাংলাদেশি নন, ভারতীয়। ওই ঘটনায় শাকিল আহমেদ নামে অপরজন নিহত হন। ঘটনার পর থেকে ভারতের পুলিশ ও স্থানীয় কিছু গণমাধ্যম দাবি করে আসছিল, তাঁরা দুজনই বাংলাদেশি।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণ ঘটনার প্রধান সন্দেহভাজন শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ ওরফে মাসুমের কথিত বড় ভাই মনোয়ার ওরফে মনাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, মনোয়ারকে মোনায়েম বলছে র‌্যাব। তবে মনোয়ারের স্ত্রী তাঁর স্বামীর নাম মনোয়ার বলে জানিয়েছেন।
একই দিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) উপসহকারী পরিচালক (ডিএডি) নজরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মনোয়ারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকা থেকে গত মঙ্গলবার ভোরে মনোয়ারকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে গতকাল ভোরে তাঁকে থানায় সোপর্দ করে।
মনোয়ার ভারতে গ্রেপ্তার সাজিদের ভাই এবং সাজিদ নারায়ণগঞ্জের মাসুম—এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন এখনো নিশ্চিত করতে না পারলেও ওই মামলার বরাত দিয়ে ওসি বলেন, ভারতে গ্রেপ্তার সাজিদ একজন শীর্ষ জঙ্গি। মনোয়ার তাঁরই ভাই। সাজিদের জঙ্গি তৎপরতায় সহায়তা ও প্ররোচনায় জড়িত থাকতে পারেন তিনি। অভিযোগ যাচাই-বাছাই করতে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আইনি হেফাজতে রাখতে এ মামলা করেছে র‌্যাব।
ওসি আরও জানান, মনোয়ারকে জিজ্ঞাসাবাদে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘আমরা ধারণা করছি, সাজিদ নারায়ণগঞ্জ বন্দরের ফরাজীকান্দা এলাকার মাসুম। আর মনোয়ার ওরফে মনা তাঁর ভাই। সাজিদ সম্পর্কে আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা দাবি করেন, ফরাজীকান্দা এলাকার মাসুমই ভারতের সাজিদ এবং মনোয়ার তাঁর বড় ভাই।
তবে বন্দর থানায় পুলিশ হেফাজতে থাকাকালে মনোয়ার সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে (বর্ধমান বিস্ফোরণ) কিছুই জানি না। আমি ওয়ার্কশপে কাজ করে খাই। আমার ছোট ভাই মাসুমের সঙ্গে ১০ বছর ধরে কোনো যোগাযোগ নেই। আমরা জানি যে সে একটি মামলায় কারাগারে রয়েছে। আমাকে সোমবার রাত দেড়টার দিকে বন্দরের বাড়ি থেকে র‌্যাব ধরে নিয়ে যাওয়ার পর মাসুম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। তবে আমাকে ভারতে গ্রেপ্তারকৃত সাজিদের কোনো ছবি বা ভিডিও দেখায়নি।’
গত শনিবার কলকাতা বিমানবন্দর থেকে সাজিদকে গ্রেপ্তার করা হয়। সাজিদ বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএর। এর আগে তাঁকে গ্রেপ্তারে সংস্থাটির পক্ষ থেকে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ভারতের খবরে আরও বলা হয়, জিয়াউল হক নামের জেএমবির আরেক সদস্যকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে আসামের পুলিশ।
নিহত সুবহান বাংলাদেশি নন: বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণ ঘটনার এক মাস ১১ দিন পর নিহত সুবহান মণ্ডলের পরিচয় মিলেছে। তাঁর প্রকৃত নাম আবদুল করিম শেখ। বাড়ি ভারতের বীরভূমের কীর্ণাহারের কাফেরপুর গ্রামে। গ্রামের সবজি ব্যবসায়ী জামশেদ শেখ গত মঙ্গলবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত সুবহানের লাশ দেখেন এবং নিজের ছোট ছেলে করিম শেখ বলে শনাক্ত করেন।
উল্লেখ, গত ২ অক্টোবর বিস্ফোরণের ওই ঘটনায় শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নিহত হন।