বর্ধমান বিস্ফোরণ তদন্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্তে ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে এপিডিআর নামের একটি মানবাধিকার সংগঠন। সংগঠনটি বলেছে, তদন্তের নানান তথ্য যেভাবে প্রকাশ করা হচ্ছে, তাতে মুসলমান সমাজের প্রতিও একটা বিদ্বেষ তৈরি হচ্ছে।
পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) বলেছে, বর্ধমান বিস্ফোরণের তদন্ত শুরু হওয়ার পর থেকে একাধিকবার ধৃত ও সন্দেহভাজনদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কয়েক দিন আগে ঘটনাস্থল পরিদর্শন করে এপিডিআরের একটি তথ্যানুসন্ধানী দল। তাদের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে বলে গতকাল রাতে বিবিসি বাংলাকে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ধীরাজ সেনগুপ্ত।
ধীরাজ সেনগুপ্ত বলেন, যাঁরা অপরাধ করেছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁদের শাস্তি হবে। কিন্তু অভিযুক্তেরও কিছু অধিকার আছে। জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) আইনে এটা পরিষ্কার বলা আছে, পুলিশের যে ক্ষমতা-তা এনআইএ কর্মকর্তাদের মেনে চলতে হবে। তিনি বলেন, কিশোর আর প্রশিক্ষণহীন ব্যক্তিদের বিস্ফোরক খোঁজার কাজে ব্যবহার করার যেসব ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটাও অধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এ ছাড়া যে দুজন নারীকে তাঁদের সন্তানসহ গ্রেপ্তার করা হয়েছে, অধিকার লঙ্ঘিত হচ্ছে তাঁদের ক্ষেত্রেও।
ধীরাজ সেনগুপ্ত বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই নারীর মধ্যে একজন অন্তঃসত্ত্বা। তাঁর সঙ্গে দুটি সন্তানও আছে। তাঁদের যেভাবে জড়ানো হচ্ছে, আমরা মনে করি, তা আন্তর্জাতিক ও জাতীয় যে নির্দেশিকাগুলো আছে, তার সম্পূর্ণ পরিপন্থী। এটা এনআইএ করতে পারে না।’