বর্ধমান বিস্ফোরণের ঘটনাতদন্তে এনএসজির নারী সদস্যরা
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনার তদন্তে যুক্ত হচ্ছেন ভারতের কেন্দ্রীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) নারী সদস্যরা। কলকাতার দৈনিক স্টেটসম্যান পত্রিকায় গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে তারা পশ্চিমবঙ্গে আসবেন। ওই বিস্ফোরণে নারী জঙ্গিরা জড়িত সন্দেহেই এনএসজির নারী সদস্যদের আনা হচ্ছে।
২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে নিহত হন দুই ব্যক্তি। তাঁরা বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে ভারতের গোয়েন্দা সংস্থা।
ওই বিস্ফোরণের পর এনএসজির সঙ্গে তদন্ত চালাচ্ছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। তদন্তে এই দুটি সংস্থা ইতিমধ্যে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন জঙ্গিদের আস্তানা থেকে উদ্ধার করেছে প্রচুর পরিমাণ বিস্ফোরক তৈরির রাসায়নিক, জঙ্গি প্রশিক্ষণের নানা সামগ্রী বা সরঞ্জাম, নানা প্রচারপত্র। গ্রেপ্তারও করেছে কয়েকজন সন্দেহভাজন জঙ্গি ও তাদের সহযোগীদের।
তদন্ত সংস্থার সূত্র বলছে, নারী জঙ্গিরা বর্ধমানের বিভিন্ন মাদ্রাসায় সশস্ত্র প্রশিক্ষণও গ্রহণ করেছে। এবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে গা ঢাকা দিয়ে থাকা ওই সব নারী জঙ্গিদের খোঁজ করার জন্য এনএসজির একটি নারী কমান্ডো দল আসছে পশ্চিমবঙ্গে।
বর্ধমান বোমা বিস্ফোরণের জেরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে চলছে কড়া নজরদারি। জারি করা হয়েছে সতর্কতা। সীমান্ত এলাকার বিভিন্ন থানা সূত্রে জানা গেছে, গত ১১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়।