বর্ধমানে বিস্ফোরণ ঘটনায় এনআইএর তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের খাগড়াগড় এলাকায় একটি দোতলা ভবনে বোমা বিস্ফোরণে কয়েক ব্যক্তির হতাহতের ঘটনার তদন্তভার দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএর হাতে অর্পণ করা হয়েছে। ইতিমধ্যে এই সংস্থাটি কাজও শুরু করে দিয়েছে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় নিহত দুই ব্যক্তি বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য বলে পশ্চিমবঙ্গ পুলিশ যে দাবি করেছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে চেয়েছে কি না, সেটি জানতে চাওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনের কাছে। এর জবাবে গতকাল শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এটা ঠিক, বর্ধমান বিস্ফোরণ নিয়ে ভারতের কাছে বাংলাদেশ যাবতীয় তথ্য জানাতে অনুরোধ করেছে। সে অনুযায়ী সরকার বিভিন্ন সংস্থাকে (তদন্ত সংস্থা) তথ্য জোগাড় করতে বলেছে। তথ্যাদি পাওয়ার পর তা ভারতের বন্ধু প্রতিবেশীকে জানানো হবে।
রাজ্য সরকারের দাবি অগ্রাহ্য করে এনআইএকে (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) গত বৃহস্পতিবার তদন্তকাজের ওই দায়িত্ব দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্য সরকার চাইছিল, তদন্ত রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মাধ্যমে করতে। সে লক্ষ্যে এ বিভাগের হাতে ঘটনার পরপরই অর্পণ করা হয়েছিল তদন্তভারও।
তদন্তের দায়িত্ব পেয়ে গতকাল শুক্রবার বিকেলে কলকাতা সিআইডি সদর দপ্তর ‘ভবানী ভবনে’ যান এনআইএর কর্মকর্তারা। পরে সিআইডির কাছ থেকে বোমা বিস্ফোরণ-সংক্রান্ত মামলার তদন্তভার গ্রহণ করে কেস ডায়েরিসহ অন্যান্য নথিপত্র নিয়ে যান তাঁরা।
এনআইএ সূত্রে জানা গেছে, গতকাল নয়াদিল্লিতে এ-সংক্রান্ত এফআইআর (প্রাথমিক তথ্যবিবরণী) দায়ের করা হতে পারে। বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের সুবিধার্থে দিল্লি ও কলকাতায় দুটি আলাদা দল গঠন করেছে সংস্থাটি। গতকালই দিল্লি থেকে সংস্থার একটি বিশেষ দলও কলকাতায় যায়। আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করতে আজ শনিবার এনআইএর তদন্তদলের খাগড়াগড়ায় যাওয়ার কথা রয়েছে।
২ অক্টোবর বর্ধমানে বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গ সরকার তদন্তভার তুলে দিয়েছিল রাজ্যের সিআইডি পুলিশের হাতে। তখন থেকে সিআইডি তদন্তও শুরু করে। এরই মধ্যে কেন্দ্র থেকে তদন্তের দায়িত্ব এনআইএর কাছে অর্পণের উদ্যোগ নিলে আপত্তি তুলেছিল রাজ্য সরকার।
বিষয়টি জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিবেচনা করে এ নিয়ে তদন্ত শুরুর উদ্যোগে ঘটনাস্থলে গেলে রাজ্য সরকার এনআইএকে অসহযোগিতা করে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে রাজ্য সরকারের এ অহযোগিতার কথা জানায় এনআইএ। আর এরপরই মন্ত্রণালয় তদন্তভার সংস্থাটির হাতে তুলে দিল।
তবে তদন্তের দায়িত্ব এনআইএকে দেওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি আশা প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গ একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল। এনআইএর তদন্তে প্রকৃত তথ্য উঠে আসবে।
এদিকে তদন্তভার হাতে নিয়েই এনআইএ তাদের তদন্তকালে যাতে যেকোনো মালামাল জব্দ করতে পারে, সে ব্যাপারে আগাম অনুমতি চেয়ে গতকাল বিকেলে কলকাতা নগর দায়রা আদালতে আবেদন করেছে। প্রসঙ্গত, ভারতে সংঘটিত বোমা বিস্ফোরণসহ জঙ্গি হামলার অন্তত ৮৬টি মামলার তদন্তকাজ চালাচ্ছে এনআইএ। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর জন্ম এ সংস্থার।
ওদিকে গতকাল ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তরের দুই কর্মকর্তা বিস্ফোরণের বিভিন্ন তথ্য জানতে বর্ধমান থানায় যান। পরে তাঁরা অভিযোগ করেন, থানা পুলিশ তাঁদের সহযোগিতা করেনি।
ছড়িয়ে পড়ছে নানা কাহিনি: বিস্ফোরণের পর ঘটনাটিকে কেন্দ্র করে গজাতে শুরু করেছে নানা কাহিনি। পুলিশি তদন্তে উঠে আসছে একের পর এক জঙ্গি আস্তানার অস্তিত্বের খবর। এ অবস্থায় ভারতীয় জঙ্গিদের সঙ্গে হাত করে বাংলাদেশি জঙ্গিরা রাজ্যে ঠাঁই নিয়েছিল বলে অভিযোগ উঠছে।
বর্ধমানে তিনটি জঙ্গি আস্তানার খবরের পর এবার মিলেছে বীরভূমের নিমড়া গ্রামে আরেকটি আস্তানাসহ আরও কিছু আস্তানা মেলার খবর। বর্ধমানে বিস্ফোরণের সময় বোমা বানানোর সঙ্গে যুক্ত সন্দেহে যে কজনকে পুলিশ খুঁজছে তাঁদের মধ্যে কাওছার ও আবদুল কাদের নামের রয়েছেন দুজন। পুলিশের দাবি, কাওছারের বাড়ি বাংলাদেশে। এখানেই পালিয়ে এসে কাওছার গড়েছিলেন আস্তানা। তাঁর অন্যতম সহযোগী ছিলেন শ্যালক আবদুল কাদের। আর বীরভূমের দেউচা গ্রামে প্রথম জঙ্গি ঘাঁটি গড়েছিলেন বিস্ফোরণে আহত আবদুল হাকিম।
অভিযোগ উঠেছে, বর্ধমানের শিমুলিয়াতে যে আস্তানার সন্ধান পাওয়া গেছে সেখানকার একটি মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইউসুফ ছিলেন বর্ধমান ঘটনার মূল কারিগর। প্রতিষ্ঠানটি থেকে পুলিশ উদ্ধার করেছে একটি কম্পিউটারসহ বাংলাদেশি কিছু জিহাদি প্রচারপত্র ও অন্যান্য সামগ্রী।
আস্তানার খবর মিলেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও লালগোলা থানা থেকেও। অভিযোগ অনুযায়ী, বর্ধমান বিস্ফোরণ ঘটনায় নিহত শাকিল আহমেদের প্রথম আস্তানা ছিল বেলডাঙ্গার সরকারি মাদ্রাসার কাছে। তিনি কাজ শুরু করেছিলেন আহত আবদুল হাকিমকে নিয়ে বেলডাঙ্গার তালদিয়াড়া গ্রামে। এ গ্রামেই ছিল হাকিমের স্ত্রী আমেনার বাবার বাড়ি। নদীয়ার গয়েশপুরে ছিল শাকিলের বোরকার দোকান।