বর্ধমানের সেই বাড়িতে রাসায়নিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো তদন্তকাজ চালায় দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। বর্ধমানের খাগড়াগড়ের যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল, সেখানে তারা বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ রাসায়নিকের সন্ধান পেয়েছে।
জানা গেছে, এনআইএর দুটি দল গতকাল তদন্তে নামে। এর মধ্যে একটি দল যায় খাগড়াগড়ের সেই বাড়িতে। অপর দলটি যায় শিমুলিয়ার একটি মাদ্রাসায়। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, খাগড়াগড়ের বাড়িতে যে বিস্ফোরক সরঞ্জাম পাওয়া যায়, তা দিয়ে শক্তিশালী বিস্ফোরক বিশেষ করে ‘সকেট বোমা’ বানানো যায়। আর শিমুলিয়ার মাদ্রাসা থেকে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।
২ অক্টোবর খাগড়াগড়ের ওই বাড়িতে বিস্ফোরণে শাকিল আহমেদ ও শোভন মণ্ডল নামের দুজন নিহত হন। পশ্চিমবঙ্গের পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবির সঙ্গে জড়িত এবং তাঁদের বাড়ি বাংলাদেশে। ভারতের এই দাবির বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার।
ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকা গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, তদন্তকাজ শেষ হওয়ার পর বাংলাদেশকে বিস্তারিত তথ্য দেবে সে দেশের সরকার। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াবে ভারত।
সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়টি ভারতের নতুন সরকারের কাছে অগ্রাধিকারমূলক একটি বিষয়।
পাঁচ দম্পতির খোঁজে এনআইএ: বিস্ফোরণের ঘটনার তদন্ত দায়িত্ব গত শুক্রবার এনআইএর হাতে তুলে দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। কলকাতার এবেলা পত্রিকা গতকাল এক প্রতিবেদনে জানায়, তদন্তভার গ্রহণের পর পাঁচ জঙ্গি দম্পতির খোঁজ করছে এনআইএ। এর মধ্যে তিন দম্পতির বাড়ি বাংলাদেশে। তাঁরা হলেন নাসিরুল্লাহ ও মঞ্জুলা, শেখ সাজিদ ও ফাতেমা এবং শেখ সাকিব ও সেলিনা। বাকি দুই দম্পতি আবদুল কালাম ও বিলকিস বেগম এবং ইউসুফ ও আয়েশার বাড়ি বর্ধমানের মঙ্গলকোটে। তবে গোয়েন্দা পুলিশ তাঁদের খোঁজ পায়নি। তদন্ত-সংশ্লিষ্টদের ধারণা, তাঁরা বিস্ফোরক তৈরি, ধর্মভিত্তিক কাগজপত্র জোগাড়, বিদেশে যোগাযোগ এবং অর্থ সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। এঁদের মধ্যে নাসিরুল্লাহ ছিলেন বোমা তৈরিতে দক্ষ।
বিস্ফোরকবোঝাই গাড়ি আটক: পুরুলিয়ার রঘুনাথপুর এবং নদীয়ার নৈহাটির কাঁকিনাড়ায় গত শনিবার পৃথকভাবে বিস্ফোরকবোঝাই দুটি গাড়ি আটক করেছে পুলিশ। রঘুনাথপুরে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১০ বস্তা বিস্ফোরক। ছিল এতে ডেটোনেটর ও জিলেটিন স্টিক। গাড়িটি ওডিশার নেমপ্লেট নিয়ে আসছিল। অন্যদিকে কাঁকিনাড়ায় একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ৩০ ব্যাগ বিস্ফোরক। এই দুটি ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দাদের নজরে মাদ্রাসা: বর্ধমানের ঘটনার পর পশ্চিমবঙ্গের সীমান্তের জেলাগুলোর মাদ্রাসাগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গে এখন অনেক মাদ্রাসা আছে যেগুলো সরকারি অনুমোদন পায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে বেসরকারি মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
তৃণমূলের ছয় কর্মী গ্রেপ্তার: পশ্চিমবঙ্গের বীরভূমের খয়রাশোলে শনিবার আগ্নেয়াস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছয় নেতা-কর্মী। এ ছাড়া নদীয়ার ধানতলায় দৌলা গ্রাম থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন এক দম্পতিকে। এঁরা হলেন খালিদ মণ্ডল ও রেহেনা বিবি। খালিদ বাংলাদেশের হলেও রেহানা ভারতীয় বলে জানা গেছে।