বর্ধিত অংশে কিছু ত্রুটি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভারের বাসস্ট্যান্ড এলাকায় বন্ধ করে দেওয়া রাজ্জাক প্লাজা পরিদর্শন করেছে। এ সময় দলটি ভবনের অনুমোদনহীন বর্ধিত অংশে কিছু ত্রুটি চিহ্নিত করে।বুয়েটের পরিদর্শন দলে ছিলেন সৈয়দ ফকরুল আমিন ও ইশতিয়াক আহমেদ। তাঁদের সঙ্গে ভবন ও দোকানের মালিকসহ প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ভবনে ফাটলের খবরে সাভার উপজেলা প্রশাসন গত বুধবার সকালে আটতলা রাজ্জাক প্লাজা সিলগালা করে দেয়। ভবনের সপ্তম ও অষ্টম তলায় জুবিয়ান সোয়েটার এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় আল-মুসলিম নামের একটি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত রয়েছে বিপণিবিতান। সেখানে ২৮৭টি দোকান রয়েছে। ভবনের ছাদে অবৈধভাবে ইটের দেয়াল দিয়ে ক্যানটিন করা হয়েছিল।বিশেষজ্ঞ দলের প্রধান সৈয়দ ফকরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘কলাম ও বিম দেখে আমাদের কাছে ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হয়নি। তবে অষ্টম তলার ওপরে নির্মিত অনুমোদনহীন ক্যানটিনে কিছু ত্রুটি ধরা পড়েছে।’ তিনি বলেন, ভবনটির পরিদর্শন-সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন দিতে দেড় থেকে দুই মাস লাগবে। তবে শিগগিরই প্রাথমিক প্রতিবেদন দেওয়া হতে পারে।ভবনমালিকদের অন্যতম অংশীদার ওলি আহম্মেদ বলেন, ভবনের ছাদে ইটের দেয়াল দিয়ে নির্মিত অনুমোদনহীন ক্যানটিন ভেঙে ফেলা হবে। ইতিমধ্যে ছাদের ওপর থেকে একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার সরানোর কাজ শুরু হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘বুয়েটের প্রতিবেদন পাওয়ার পর ভবনটি খোলা না-খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত ভবনটি বন্ধ থাকবে।’