রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
এর ফলে রাজশাহী সিটি করপোরেশন বর্ধিত কর আদায় করতে পারবে না। ২০১৬ সালের আগে যে হার ছিল, সে হারে কর আদায় করতে পারবে বলে জানান আবেদনকারীদের আইনজীবী হাসনাত কাইয়ূম।
আইনজীবী সূত্র বলেছে, ১৯৮৬ সালের দ্য মিউনিসিপ্যাল করপোরেশন ট্যাক্সেশান রুলসের ২০ ও ২১ ধারা অনুসারে বর্ধিত কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে করপোরেশনের পাঁচ বাসিন্দা গত বছর একটি রিট করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ১ নভেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে ওই বিধান অনুসারে আবেদনকারী ও অন্য বাসিন্দাদের কাছ থেকে বর্ধিত কর আদায়ের জন্য দেওয়া নোটিশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী সিটি করপোরেশন, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
তবে বিবাদীরা জবাব দেননি ও ওই বিধান অনুসারে বর্ধিত কর আদায় অব্যাহত রাখছেন, উল্লেখ করে এই কার্যক্রম স্থগিত চেয়ে চলতি সপ্তাহে আবেদন করেন রিট আবেদনকারীরা।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে হাসনাত কাইয়ূম প্রথম আলোকে বলেন, ওই আইনের দুটি বিধান অনুসারে ২০১৬ সালে নোটিশ দিয়ে বর্ধিত কর আরোপ শুরু করা হয়। ১৯৮৬ সালের ওই আইনটি অকার্যকর, কেননা সিটি করপোরেশনের কর আদায়ের জন্য ২০০৯ সালের আইনটি এখন প্রযোজ্য হবে। এতে একটি আদর্শ কর তফসিল প্রণয়নের কথা আছে, অথচ এটি না করে আগের আইনে কর বৃদ্ধি করে তা আদায়ে নোটিশ দেওয়া হয়, এটি বেআইনি, এসব যুক্তিতে ওই রিটটি করা হয়েছিল।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীর কয়েকটি নাগরিক ও সামাজিক সংগঠন মিলে ‘রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের’ ব্যানারে অস্বাভাবিক হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল, আরোপিত সাইনবোর্ড ফি প্রত্যাহার এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে আন্দোলন করে আসছে। এসব দাবিতে ১৪ জানুয়ারি প্রতীকী গণ-অনশন কর্মসূচি ও গত ১১ ডিসেম্বর রাজশাহীতে আধবেলা হরতাল পালন করেছে সংগঠনটি। তার আগে বিক্ষোভ, মানববন্ধন, ঘেরাও ও স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে রাজশাহী সিটি করপোরেশনের অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির বিষয়ে তদন্ত করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ১৭ জানুয়ারি স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালককে বিষয়টি তদন্ত করতে চিঠি দেওয়া হয়েছে। এর অনুলিপি রাজশাহী সদর আসনের সাংসদ ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, হোল্ডিং ট্যাক্স নিয়ে আপত্তি ওঠার পর গত ২১ ডিসেম্বর মন্ত্রণালয়ে চিঠি দেন তিনি। রাজশাহী সদর আসনের সাংসদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি এই চিঠি দেন, যার পরিপ্রেক্ষিতেই অস্বাভাবিক কর বৃদ্ধির বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।