পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় ২০১৬-১৭ অর্থবছরে নতুন করে অতিরিক্ত কর আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সচেতন নাগরিক মঞ্চের উদ্যোগে পৌরসভার সামনের সড়কে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সচেতন নাগরিক মঞ্চের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা শাহ আলম, মঠবাড়িয়া আইনজীবী উন্নয়ন সমিতির সভাপতি মজিবর রহমান মুনশি প্রমুখ।
সমাবেশ শেষে পৌর কর না বাড়ানোর দাবিতে মেয়র বরাবরে একটি স্মারকলিপি পৌর সচিবের কাছে হস্তান্তর করা হয়।
বক্তারা মঠবাড়িয়া পৌরসভায় অস্বাভাবিক পৌর কর বৃদ্ধির সমালোচনা করে বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হলেও মেয়র শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার ও সুপেয় খাওয়ার পানির তীব্র সংকট দূর করাসহ পৌরবাসীর ন্যূনতম নাগরিক সুবিধা বাড়াতে পারেননি। বরং হঠাৎ করে তিনি পৌর কর বৃদ্ধি করেছেন। বক্তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্ধিত কর প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরেও পৌর কর বৃদ্ধি করা হয়নি। সরকারের মডেল ট্যাক্স অনুযায়ী কর বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে পৌরবাসী আপত্তি করায় ইতিমধ্যেই নতুন কর বৃদ্ধির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একটি মহল সস্তা জনপ্রিয়তা আদায় করার জন্য কর প্রত্যাহারের নামে লোকদেখানো আন্দোলন করছে।