চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স (গৃহকর) আদায় কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। এ-সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে পক্ষদের বলা হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনটির মেয়রের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।
আদালতে চট্টগ্রামের মেয়রের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, বি এম ইলিয়াস কচি ও জ্যোতির্ময় বড়ুয়া। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ আট সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির জন্য পক্ষদের নির্দেশ দিয়েছেন।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মেয়র আবেদনটি (লিভ টু আপিল) করেন। আপিল বিভাগ স্থগিতাদেশ দেননি। আপিল বিভাগ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল।
১৯৮৬ সালের দ্য মিউনিসিপ্যাল করপোরেশন ট্যাক্সেশান রুলসের কয়েকটি বিধি অনুসারে বর্ধিত কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের চার সদস্য গত মাসে হাইকোর্ট একটি রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২১ মার্চ আদালত রুলের পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। রুলে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীর যুক্তি সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুসারে কর বৃদ্ধি, হ্রাস বা পুনর্মূল্যায়নের ক্ষমতা দেওয়া হয়েছে কেবল জাতীয় সংসদের হাতে। আইন প্রণয়ন ছাড়া সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ কর বৃদ্ধি, হ্রাস বা পুনর্মূল্যায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। অথচ চট্টগ্রাম সিটি করপোরেশন বর্ধিত কর আদায় কার্যক্রম গত বছরের অক্টোবর মাস থেকে শুরু করেছে।