রাজধানীর বাড্ডার সাতারকুলে স্যার জন উইলসন স্কুলে চলতি শিক্ষাবর্ষে বর্ধিত টিউশন ফি–সহ (টার্ম চার্জ) অন্যান্য ফি গ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার এ আদেশ দেন।
একই সঙ্গে স্কুলটিকে কেন বেসরকারি স্কুল (ইংরেজি মাধ্যম) নিবন্ধন নীতিমালার আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কুলের বোর্ড অব ট্রাস্টি, অধ্যক্ষসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্প্রতি স্যার জন উইলসন স্কুলে চলতি শিক্ষাবর্ষে অস্বাভাবিক হারে টিউশন ফি বাড়ানো হয়। পরে স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ৩৩ জন অভিভাবক। আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক।
ওই স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁর সন্তান ওই স্কুলের ‘ও’ লেভেলের ছাত্র। তার টিউশন ফি চলতি শিক্ষাবর্ষে ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সরকারের নিয়ম অনুযায়ী, ওই স্কুলটির কোনো ব্যবস্থাপনা কমিটি নেই। এসব বিষয় চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়।