বর্ধিত টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে অটোরিকশা ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালকেরা গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ধর্মঘট পালন করেছেন। পৌরসভার বর্ধিত টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
অটোরিকশা চালক ও মালিক সমিতি সূত্রে জানা গেছে, পৌরসভার নিযুক্ত ইজারাদার সিএনজিচালিত অটোরিকশা থেকে গত বছরের তুলনায় দ্বিগুণ হারে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর অটোরিকশাপ্রতি পাঁচ টাকা করে টোল দিতে হতো। এবার ইজারাদার ১০ টাকা করে টোল দাবি করছেন।
ডলুসেতু-মির্জাখীল-ফুলতলা সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. শাহ আলম বলেন, ‘হঠাৎ করে পাঁচ টাকার জায়গায় ১০ টাকা করে টোল আদায় করার কারণে আমরা গাড়ি না চালিয়ে ধর্মঘট পালন করছি। তা ছাড়া ইজারাদারের লোকজন সওজের সড়কে অবৈধ গতিরোধক দিয়ে প্রায়ই লাঠির ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টোল আদায় করে থাকেন। আমরা কাছাকাছি অন্যান্য পৌরসভায় দেখেছি, গাড়ি পার্কিং করলেই তারা টোল নেয়। কিন্তু এই পৌরসভার সীমানার মধ্যে গাড়ি চলাচল করলেই টোল দিয়ে যেতে হয়।’
এ ব্যাপারে ইজারাদার জামাল উদ্দিন বলেন, ‘আমরা দরপত্রের মাধ্যমে টোল আদায়ের ইজারা পেয়েছি। পৌরসভা কর্তৃপক্ষ আমাদের যে হারে টোল আদায়ের তালিকা দিয়েছে, সেই তালিকামতোই আমরা টোল আদায় করছি।’
পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলেননি।
পৌরসভার এই বর্ধিত টোল আদায়ের প্রতিবাদে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশা চালক ও
মালিক সমিতির লোকজন উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। এতে উপজেলা শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতারা সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন।