বর্ধিত ট্যাক্স বাতিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের ‘অস্বাভাবিক হারে’ বর্ধিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ট্যাক্স বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। গতকাল শুক্রবার রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

দাবি আদায়ে ২৬ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. এনামুল হক বলেন, নগরবাসীর আয়ের সঙ্গে সংগতিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছেন। রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ এই প্রতিবাদ অগ্রাহ্য করে একতরফাভাবে বর্ধিত হারে ট্যাক্স আদায়ে অনড় থাকায় নাগরিকদের পক্ষ থেকে আদালতের শরণাপন্ন হতে হয়েছে। হাইকোর্ট এই বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলের পক্ষে ১ নভেম্বর করা একটি রিট আবেদন গ্রহণ করেছেন এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহ সময় দিয়ে রুল জারি করেছেন।

সংবাদ সম্মেলনে ২৬ নভেম্বরের মানববন্ধনে ব্যবসায়ী, দোকানদার, বাসা-বাড়ি, মেস মালিক, ভাড়াটেসহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্যসচিব ফরিদ মামুদ হাসান, মহানগর মেস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম সিদ্দিকী, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন রাজশাহীর সদস্যসচিব হোসেন আলী উপস্থিত ছিলেন।