বর্ধিত ফি নিতে পারবে না স্যার জন উইলসন স্কুল
রাজধানীর সাতারকুলে স্যার জন উইলসন স্কুলে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সব ধরনের বর্ধিত টার্ম চার্জ, সেশন ও টিউশন ফিসহ অন্যান্য ফি আদায় থেকে বিরত থাকতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্যার জন উইলসন স্কুলের করা আবেদন শুনানি শেষে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। পরে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী অনীক আর হক প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
সম্প্রতি স্যার জন উইলসন স্কুলে অস্বাভাবিক হারে টিউশন ফি বাড়ানো হয়। পরে স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন স্কুলের কয়েকজন শিক্ষার্থীর ৩৩ জন অভিভাবক। গত ৩০ মে ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল দেন। স্কুলটিকে কেন ২০০৭ সালের বেসরকারি (ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন নীতিমালার আওতায় আনতে নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ, বোর্ড অব ট্রাস্টিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। রুল বিচারাধীন থাকা অবস্থায় স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের কাছ থেকে বর্ধিত ফি আদায় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।