বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বর্ধিত ফি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে তাঁরা বলেন, বর্ধিত ফি প্রত্যাহার না করা পর্যন্ত ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি চলবে। সাধারণ শিক্ষার্থীরা জানান, সম্প্রতি কলেজ প্রশাসন সেমিস্টার ফি ৪৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। তাঁরা জানান, ২০০৭ সালে কলেজ চালুর পর থেকে আজও স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া কলেজ প্রতিষ্ঠার পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নামে আরও দুটি বিভাগ চালুর কথা ছিল। এখনো তা চালু হয়নি। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সৈয়দ ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, শিক্ষক নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। বাইরের শিক্ষকেরা কলেজে পড়ান। ওই শিক্ষকেরা আরও বেশি টাকা দাবি করায় সেমিস্টার ফি বাড়ানো হয়েছে।