শিক্ষার্থীদের পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে চালু করা সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা৷
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত ‘বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন কোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে ঘেরাও কর্মসূচি পালন করা হয়৷ এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন৷ পরে আজ বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা করা হয়৷
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়৷ শিক্ষার্থীরা প্রশাসন ভবনের ফটক বন্ধ করে ভবনের সামনে অবস্থান নেন৷ তাঁরা বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷
কর্মসূচি চলাকালে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন তাসলিমা তাহরিন, খাদেমুল বাসার, সাজেদুল সাজু, শিরিন আক্তার, আশরাফুল ইসলাম প্রমুখ৷
সমাবেশে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক আবু নাসের, ফোকলোর বিভাগের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী মামুন হায়দার৷
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাণিজ্যিক সন্ধ্যাকালীন কোর্স চালুর নামে শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে৷ তাছাড়া ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকা পরীক্ষার ফি ও সনদ উত্তোলনসহ বিভিন্ন ফি দ্বিগুণ থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে৷
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমরা ইতিমধ্যে সহ-উপাচার্যের নেতৃত্বে¾ একটি কমিটি গঠন করে দিয়েছি৷ কমিটি শিক্ষার্থীদের সঙ্গে বসে তাঁদের দাবি ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরবে৷’