বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে ভর্তির ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কলেজের ভেতরে অবস্থিত জনতা ব্যাংকের শাখা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বেলা একটা থেকে দুইটা পর্যন্ত তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থী নোমান হোসেনের সভাপতিত্বে সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শিক্ষার্থী আবু নাসের প্রমুখ বক্তব্য দেন।
প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ বছর স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় বর্ষে ভর্তির ফরম পূরণের ফি গত বছরের চেয়ে গড়ে প্রায় এক হাজার টাকা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন। এর মধ্যে পত্র ফি গত বছর ছিল এক হাজার ১০০ টাকা। তা এ বছর বাড়িয়ে এক হাজার ৪০০, কেন্দ্র ফি ৩০০ থেকে ৩৫০, সেমিনার ফি ৩০০ থেকে ৪০০, সেশন ফি ৬৮০ টাকা থেকে ৭৬০ টাকা বাড়ানো হয়েছে।
বক্তারা আরও বলেন, এসব ফি বাড়ানো ছাড়াও আরও তিনটি নতুন খাত যুক্ত করেছে। সব মিলিয়ে গড়ে প্রায় এক হাজার টাকা বাড়ানো হয়েছে।
কলেজ অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ফি বাড়ানো হয়েছে। এরপরও ৩০০ টাকা কমানোর কথা শিক্ষার্থীদের জানিয়েছি।’