বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা সংশোধনের দাবিতে গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের নেতারা বিক্ষোভে বাধা দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে লাঞ্ছিত করেছেন। বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, প্রায়ই অনৈতিকভাবে শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি বাড়াচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি পরিবহন, ছাত্র সংসদ, মেডিকেল ইত্যাদি খাতে প্রায় ৪১৫ টাকা ফি বাড়ানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল ছাত্রফ্রন্টের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল ছিল। সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ছাত্রফ্রন্টের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সকাল থেকে আন্দোলনে নামেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন। সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের সামনে অবস্থান নেন তাঁরা। ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় প্রক্টর কাজী আসাদুজ্জামান সহকারী প্রক্টরদের নিয়ে দুবার শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দেন। তাঁরা বেশ কয়েকজন ছাত্রকে লাঞ্ছিতও করেন। একপর্যায়ে ভাস্কর্য চত্বরে ছাত্রলীগ নেতারা ছাত্রদের শান্ত করতে বক্তব্য দেন। এ সময় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে লাঞ্ছিত করা হয়। কামরুল হাসান ছাত্রদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত। কিন্তু ক্যাম্পাসে বিশৃঙ্খলা এড়াতে ছাত্রলীগ ছাত্রদের বিক্ষোভ ছেড়ে আলোচনার টেবিলে যেতে বলেছে।’ বেলা একটায় ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন। এ সময় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর ও রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন।উপাচার্য বলেন, ‘আইন পরিবর্তন ও বর্ধিত সেমিস্টার ফি প্রত্যাহারের বিষয়ে শিক্ষার্থীদের দাবি ন্যায়সংগত। বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন ও সেমিস্টার ফি সহনীয় পর্যায়ে রাখতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’