বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগে চালু হওয়া সান্ধ্যকালীন স্নাতকোত্তর কোর্স বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে আগামীকাল বুধবার ক্লাস বর্জন ও বেলা ১১টা থেকে একটা পর্যন্ত প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফোকলোর চত্বরে ছাত্রসমাবেশে মিলিত হয়। 
‘বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১০ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করা হয়। বর্তমানে প্রশাসন আবারও বাণিজ্যিকভাবে সান্ধ্য কোর্স চালুর নামে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে। বক্তারা শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের আহ্বান জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদভুক্ত সাতটি বিভাগসহ বিভিন্ন কোর্সে দুই বছরমেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ফরম বিতরণও শুরু হয়েছে। আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে ও আইন অনুষদে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু আছে।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকা ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষার ফি ও সনদপত্র উত্তোলনসহ বিভিন্ন ধরনের ফি বৃদ্ধি করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এ ফি দ্বিগুণ থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এই বর্ধিত ফি কার্যকর করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সহমত জানিয়ে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, নাট্যকলা ও সংগীত বিভাগের কাজী সুুস্মিন আফসানা, উল্লাস হাবীব জাকারিয়া।