ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন খাতের নামে বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে চট্টগ্রাম নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। তাঁরা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি না নেওয়ার দাবি জানান। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বাওয়া স্কুল নামে পরিচিত।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া অভিভাবকদের এ কর্মসূচি আধা ঘণ্টা পর্যন্ত চলে। এ সময় অভিভাবকেরা ‘উন্নয়ন ও বিল্ডিং উন্নয়নের নামে অতিরিক্ত ফি আদায় বাতিল কর-করতে হবে’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক আলাউদ্দিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার দুটি মেয়ে বাওয়া স্কুলের ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ ভবন নির্মাণের নামে ১ হাজার ৪০০ টাকা ফি ধার্য করেছিল। আমাদের আন্দোলনের কারণে ৪০০ টাকা কমানো হয়েছে। এই এক হাজার টাকা দেওয়ার সামর্থ্য অনেকের নেই। বর্ধিত ফি আরও কিছু কমালে আমরা উপকৃত হব।’
তবে বাওয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের খেলার জন্য আমাদের খেলার মাঠটি বড় করা প্রয়োজন। শৌচাগারগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। পুরোনো ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই পাঁচতলা এক্সটেনশন (সম্প্রসারিত) ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আনোয়ারা বেগম বলেন, ‘সরকার আমাদের যে অর্থ দিচ্ছে, তা দিয়ে ২৫টি শ্রেণিকক্ষ বানানো যাচ্ছে না। তাই আমরা শিক্ষার্থীদের মাথাপিছু ১ হাজার ৪০০ টাকা ফি ধরেছিলাম। কিন্তু অভিভাবকদের অনুরোধে ফি ৪০০ টাকা কমানো হয়েছে। আসলে ছাত্রীদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এক হাজার টাকা ফি ধার্য করেছি। কিন্তু বেতন বাড়ানো হয়নি।’
বাওয়া স্কুলের এক অভিভাবক নাম প্রকাশের শর্তে বলেন, ‘আমার মেয়ে এবার নবম শ্রেণিতে উঠেছে। বছরের শুরুতে আমরা ভর্তি ফি, লাইব্রেরি ফি, বিভিন্ন খাতে এককালীন তিন হাজার টাকা দিয়ে আসছিলাম। এবার ভবন নির্মাণের জন্য আরও এক হাজার টাকা বাড়তি ফি ধার্য করা হয়েছে।’