ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে আগামী সাত দিনের মধ্যে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এ দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ফোরামের নেতারা। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে তাঁরা এ ঘোষণা দেন। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন আহমেদ, বাসদ নেতা মাহাবুবুর রহমান ইসমাইল এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অন্যায়ভাবে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে এক লাফে বাসের ভাড়া তিন টাকা বাড়ানো হয়েছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে নীরবতা পালন করছে। আগামী সাত দিনের মধ্যে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করা না হলে ৬ জানুয়ারি অনুষ্ঠেয় গণসমাবেশ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে। বক্তারা একই সঙ্গে ওই সড়কপথে বিআরটিসির পর্যাপ্ত নন-এসি বাস চালু, রেলপথে ট্রেনের বগির সংখ্যা বাড়ানো এবং ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে বিআরটিসি বাস চালুর দাবি জানান।