বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে জনসমাবেশ
নারায়ণগঞ্জে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে তাদের ডাকা আগামী ২০ জুনের হরতাল সফল করার লক্ষ্যে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় পৌর শহীদ মিনার চত্বরে জনসমাবেশ করা হয়।সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে সমাবেশ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এতে অন্তত দুই হাজার মানুষ যোগ দেন বলে আয়োজক সূত্রের দাবি। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুব ইসমাইল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহা প্রমুখ।বক্তারা বলেন, ১০ বছর ধরে নারায়ণগঞ্জের পরিবহন খাতকে একটি সিন্ডিকেট অক্টোপাসের মতো জড়িয়ে আছে। সরকার বদল হলে সিন্ডিকেটেরও হাতবদল হয়। এ চক্রটি সাধারণ যাত্রী ও পরিবহন মালিকদের জিম্মি করে প্রতি মাসে অন্তত এক কোটি টাকা লুটপাট করে নিচ্ছে।বক্তারা বলেন, সরকারের এত এত গোয়েন্দা সংস্থা রয়েছে। এখানে পরিবহন খাতের এ লুটপাট কারা করছে, ভাগবাটোয়ারা করে কারা কত টাকা নিচ্ছে—এর তথ্য কি তাঁদের কাছে নেই? সরকারের কাছে কি নেই?সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘আমরা হরতাল-সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলেও বাসমালিক সিন্ডিকেট নিজেরা ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করে আমাদের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে।’ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে ভাড়া ২৪ টাকা ও ১৬ টাকায় বিআরটিসি বাস অবশ্যই চালু করার দাবি জানান তিনি।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।