ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের পক্ষে প্রচার চালাতে গিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের চার সদস্য হামলায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সরকারি তোলারাম কলেজে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম মানববন্ধন করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে ২০ জুন ডাকা হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা প্রচার শুরু করেন। এ সময় তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের স্বঘোষিত সহসভাপতি (ভিপি) ও ‘ছাত্রলীগ নেতা’ মোস্তাফিজুর রহমান তাঁদের কলেজের একটি কক্ষে নিয়ে যান। কার কাছ থেকে অনুমতি নিয়ে তাঁরা কলেজে প্রচার চালাচ্ছেন, তা তিনি তাঁদের কাছে জানতে চান। একপর্যায়ে মোস্তাফিজুর রহমানের নির্দেশে ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী ছাত্রফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা কমিটির সদস্য জয়ন্ত সাহা, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি তরিকুল সুজন ও সদস্য বাপ্পীকে কমনরুমে আটকে মারধর করেন। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা বলেছেন, তরিকুলের অবস্থা গুরুতর। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটায় শহীদ মিনার প্রাঙ্গণে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মৈত্রী ঘোষ। বক্তব্য দেন রফিকুল ইসলাম বাপ্পী, মশিউর রহমান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ব্যাপারে ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেছেন, বিষয়টি তাঁর জানা নেই।