প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও পুলিশি হামলায় জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে বেঁধে দেওয়া সময়সীমা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে সভা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সভায় ৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পার্শ্ববর্তী সড়কে সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমিউনিস্ট পার্টির দুলাল সাহা, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মাহবুবুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।