বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম জেলার ১২ থানার বেতনকাঠামো-বহির্ভূত (স্কেল) আনসার সদস্য রয়েছেন ২৬০ জন। ১৪ মাস আগে তাঁদের বেতন বাড়ানো হয়। কিন্তু ১৫০ জন আনসার সদস্য এখনো বর্ধিত বেতন পাচ্ছেন না। বর্ধিত এই বেতন কখন পাবেন বা আদৌ পাবেন কি না, তাও তাঁদের জানা নেই। ভৈরব রেলওয়ে থানার প্লাটুন কমান্ডার আলী আকবর বলেন, ‘একই পদমর্যাদার চাকরি করে কেউ কেউ সুবিধা পাচ্ছেন, আবার আমরা পাচ্ছি না—পুরো বিষয়টি রহস্যজনক।’ তিনি জানান, বর্ধিত বেতন না পাওয়ার কারণে আনসার সদস্যদের মধ্যে হতাশা ও অসন্তোষ কাজ করছে।রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম সদর, ভৈরব, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, লাকসাম, চাঁদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, সিলেট থানা নিয়ে চট্টগ্রাম রেলওয়ে জেলা। এই জেলার ১২টি রেলওয়ে থানার বেতনকাঠামোবহির্ভূত আনসার সদস্য ২৬০ জন। এর মধ্যে একই পদমর্যাদার ১১০ জন সদস্য ঘোষিত ৩০ শতাংশ বর্ধিত বেতনসুবিধা পাচ্ছেন। এই সুবিধার বাইরে রয়েছেন ১৫০ জন। কী কারণে এমনটা হলো, সুনির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না।ভুক্তভোগী আনসার সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাপ্য বেতন দিয়ে সংসার চালিয়ে নেওয়া বেশ কঠিন। বেশির ভাগ আনসার সদস্যের পরিবারে সচ্ছলতা নেই। অনেকে খাবার জোগাতে গিয়ে সন্তানের পড়াশোনা বন্ধ করে রেখেছেন। সমাজের চোখে তাঁরা এখন মর্যাদাহীন হয়ে পড়ছেন। এ অবস্থায় আনসার সদস্যদের দাবির মুখে কর্তৃপক্ষ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক (অর্থ) শেখ আবদুল মান্নান ২০১১ সালের ১ নভেম্বর বেতনের শতকরা ৩০ ভাগ বৃদ্ধি করে আদেশ জারি করেন। আদেশটি ২০১২ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর তখন এ-সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে। তার পরও এর সুবিধা আনসার সদস্যরা ভোগ করতে পারছেন না। আনসার সদস্যরা খোঁজ নিয়ে দেখেছেন, বেতন ছাড় না পাওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি হলো, রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতি। ভৈরব রেলওয়ে থানার আনসার সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘কর্মস্থলে ভাঙ্গা চকি আর বাড়িতে গেলে সন্তানের মলিন মুখ—এই নিয়া দিন পার করছি।’আনসার সদস্যরা জানালেন, বর্ধিত বেতন পেতে তাঁরা সম্মিলিতভাবে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করেছিলেন। আবেদনের জবাবে গত বছরের ২৫ এপ্রিল তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান লিখিতভাবে বাজেটে বরাদ্দ না থাকাকে দায়ী করেছেন।রেলওয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনসার সদস্যদের বর্ধিত বেতন পরিশোধের বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে শ্রেণী পরিবর্তনের মাধ্যমে ১৫০ জন আনসার সদস্যের বর্ধিত বেতন চালুর প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে।