সিলেটের মদনমোহন কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত বেতন প্রত্যাহারের দাবিতে মিছিল-সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়।পরে সংগঠনের নেতারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে বর্ধিত বেতন প্রত্যাহারের দাবি জানান।সংগঠন সূত্রে জানা যায়, কলেজ ক্যাম্পাসে সমাবেশে আহ্বায়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃণাল সিংহের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের নগর শাখার সাধারণ সম্পাদক রেজাউর রহমান, কলেজ শাখার সদস্য লিপন আহমেদ, রুবেল মিয়া, পলাশ কান্ত দাস প্রমুখ। বক্তারা বলেন, বেশ কিছুদিন আগে অযৌক্তিকভাবে ডিগ্রি ও স্নাতক শিক্ষার্থীদের মাসিক বেতন ৪০০ টাকা করা হয়। বর্তমানে আরও ২০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এ ধরনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা উচিত।