বর্ধিত বেতন-ফি আদায় বন্ধের নির্দেশ
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাসিক বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি সরকারের নির্দেশনা ছাড়াই বর্ধিত হারে আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এই নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা আদেশে বলা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা সংশ্লিষ্ট কারও অজানা নয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন উপপরিচালক বলেছেন, ঢাকার কোন বিদ্যালয় কত টাকা ফি বাড়িয়েছে, তার তথ্য চাওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে এসব তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়কে জানানো হবে।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশ কার্যকর হয় কি না, তা দেখার জন্য কয়েক দিন অপেক্ষা করা হবে। নইলে তাঁরা এ বিষয়ে আগের মামলার সূত্র ধরে আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী, সরকারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে আদায়যোগ্য বেতন ও ফিসের হার নির্ধারণ করতে পারে। কিন্তু জাতীয় বেতনকাঠামোর কথা বলে কিছুদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের নামকরা বেসরকারি বিদ্যালয়গুলো মাসিক বেতন বেশি আদায় করছে কিংবা বাড়িয়েছে। কোনো কোনো বিদ্যালয় শিক্ষার্থীদের মাসিক বেতন বাড়িয়ে দ্বিগুণ করেছে। এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকেরা আন্দোলন করে আসছেন।
শিক্ষার্থীদের বেতন অস্বাভাবিক বৃদ্ধি করায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজে অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। চট্টগ্রামেও অভিভাবকেরা সংহতি সমাবেশ করে বর্ধিত বেতন বাতিলের দাবি জানিয়েছেন। অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
গতকালও রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে বেতন বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবকেরা। তবে শিক্ষা মন্ত্রণালয় ফি বন্ধের নির্দেশ দিয়ে আদেশ জারি করায় তাঁরা আজ স্কুলের সামনে আনন্দ করবেন। অন্যদিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একদল অভিভাবক প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে বেতন কমানোর দাবি জানিয়েছেন।
অভিযোগ আছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় প্রতিবছর নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে টাকা আদায় করে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছরই একই ধরনের ঘটনা ঘটছে।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবীর প্রথম আলোকে বলেন, যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে বাড়তি বেতন আদায় করেছে, সেটি ফেরত বা সমন্বয় করতে হবে।