চট্টগ্রামের বি এ এফ শাহীন কলেজে শিক্ষার্থীদের বেতন ও সেশন ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন অভিভাবকেরা। এই বর্ধিত ফি প্রত্যাহার করে ‘ন্যায্য’ বেতন নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘অভিভাবক ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের ‘অভিভাবক ফোরাম’ আহ্বায়ক শাখাওয়াত কামাল। এই কলেজে শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়ে বলে ফোরামের নেতারা জানান।
লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলা মাধ্যমের মাসিক বেতন ৯৮০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫৮০ টাকা এবং সেশন ফি ২ হাজার ২০০ থেকে ৫ হাজার টাকা করা হয়েছে। ইংরেজি মাধ্যমের বেতন ১ হাজার ৩২০ থেকে ২ হাজার ১১৫ টাকা এবং সেশন ফি ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকা করা হয়।
সংবাদ সম্মেলনে অভিভাবকেরা বলেন, বছরের মাঝামাঝি সময়ে এসে কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের কারণে অনেক পরিবার সমস্যায় পড়েছে। অতিরিক্ত বেতন-ফি বৃদ্ধি প্রত্যাহারের বিষয়ে কর্তৃপক্ষকে বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে অভিভাবকেরা ছাড়াও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সভাপতি তাজ নাহার ও অভিভাবক মারজান খন্দকার।
সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের বি এ এফ শাহীন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিমান সদর দপ্তর। এখানে কলেজ কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই।