বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগি পাহাড়ের পাশে ইসলামাবাদী মেমোরিয়াল হলে সংবাদ সম্মেলন ডেকেছেন। এর আগে গত মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন, বিক্ষোভ এবং প্রশাসনিক ভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবন অবরোধ করেন। তাঁরা এ সময় শিক্ষকদের ক্যানটিনের সামনে মাইক লাগিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বর্ধিত বেতন ও ফি প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত ছাত্রের বহিষ্কারাদেশ তুলে নিতে হবে। এসব দাবি মেনে নেওয়া না হলে ক্যাম্পাসে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর আগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে চাকসু ভবনের সামনে জড়ো হন। তাঁরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ ও কলা অনুষদ হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে গত সোমবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আন্দোলনকারীদের হাতে একজন সহকারী প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওই দিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজন কান্তি দে-কে দুই বছরের জন্য বহিষ্কার করে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় আরও পাঁচজন ছাত্রকে। যে হারে বেড়েছে বেতন-ফি: গত ২২ মে বেতন-ফি বাড়ানোর বিষয়টি ফিন্যান্স কমিটির ২৯৮ নম্বর সভায় উত্থাপিত হয় এবং সিন্ডিকেটের ৪৫৯ নম্বর সভায় তা অনুমোদিত হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির সময় বর্ধিত এই বেতন ও ফি দিতে হবে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবাসিক ও অনাবাসিক—এ দুই শ্রেণীতে শিক্ষার্থীদের বেতন ও ফি নির্ধারণ করেছে সিন্ডিকেট। আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে গণিত, কলা, ব্যবসায় প্রশাসন, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বাৎসরিক বেতন ও ফি এক হাজার ৮৫১ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে গণিত ছাড়া বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের এক হাজার ৯১১ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে দুই হাজার ৭৪০ টাকা। অনাবাসিক শিক্ষার্থীদের (গণিত, কলা, ব্যবসায় প্রশাসন, আইন ও সমাজবিজ্ঞান অনুষদ) আগে বেতন ও ফি ছিল এক হাজার ৩২৭ টাকা, যা বেড়ে হয়েছে দুই হাজার ১৭০ টাকা। গণিত ছাড়া বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের বেতন ও ফি এক হাজার ৩২৭ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে দুই হাজার ২৩০ টাকা। শিক্ষক সমিতির নিন্দা: গত ২৬ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ছাত্রদের সামর্থ্যের চেয়ে বেতন ও ফি বেড়ে গেলে নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করতে পারেন।