চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল শুক্রবার নগরের শহীদ মিনারের পাদদেশে নাগরিক সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা ছয় দফা দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ও ইতিহাস বিভাগের অধ্যাপক হায়াৎ হোসেন। সমাবেশে অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, লেখিকা ফেরদৌস আরা আলিম, বার কাউন্সিলের সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়েজ উল্লাহ, নারীনেত্রী লুৎফুন্নেছা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক মানস নন্দী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ উপস্থিত ছিলেন। সমাবেশে শিক্ষার্থীদের ওপর হামলার স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।সমাবেশে জামাল নজরুল ইসলাম শিক্ষার্থীদের দাবি অবিলম্বে মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। অধ্যাপক হায়াৎ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা চাই, উপাচার্য অবিলম্বে শিক্ষর্থীদের দাবি মেনে নিয়ে ওই সম্মানিত পদ থেকে সরে দাঁড়াবেন।’এদিকে গতকাল ক্যাম্পাস পরিস্থিতি ছিল স্বাভাবিক। শিক্ষার্থীরা আগের দিনের মতো গতকাল নির্ধারিত ফরম পূরণ করে হলে উঠেছেন। হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্লাস-পরীক্ষা শুরুর প্রথম দিন ক্যাম্পাসে প্রায় আট প্লাটুন পুলিশ মোতায়েন করা হবে। আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরুর কথা।