বর্ধিত বেতন ভাতার দাবিতে মিল্ক ভিটায় কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা) দাবি আদায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী কারখানায় কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন শুরু করেছে। বর্ধিত বেতন-ভাতার দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি পালন শুরু করেছে সংগঠনটি। উত্তরবঙ্গে মিল্ক ভিটার ১৫টি দুগ্ধ ক্রয় ও প্রক্রিয়াকরণ কারখানায় একযোগে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শনিবার অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বানের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কারখানা চত্বরে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা কারখানা বন্ধ রেখে যৌথভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। সমাবেশে মিল্ক ভিটার সিবিএ সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইয়ানুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মিল্ক ভিটা বাঘাবাড়ী কারখানার উপমহাব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপমহাব্যবস্থাপক আবু মোহাম্মদ শরিফুল হক, ব্যবস্থাপক (সমিতি) ইদ্রিস আলী, প্রকৌশলী আল ইমরান, নিরাপত্তা কর্মকর্তা শফিকুল ইসলাম, মিল্ক ভিটা সিবিএ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিরউদ্দিন, কার্যকরী সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেলের সঙ্গে ৪০ শতাংশ বর্ধিত বেতন পুনর্বহাল, চুক্তিতে নিয়োগ দেওয়া কর্মচারীদের চাকরি স্থায়ী করা, অর্গানোগ্রাম অনুযায়ী পদোন্নতি এবং মিল্ক ভিটা পরিচালনা পর্ষদ কর্তৃক শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, মিল্ক ভিটার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা মিল্ক ভিটায় চাকরি করে প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে বেতন নিয়ে থাকেন। রেশন, পেনশনসহ আর কোনো সুবিধাই তাঁরা পান না। প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ২০০০ সাল থেকে তাঁদের বাড়তি ৪০ শতাংশ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গত মার্চ মাস থেকে প্রেষণে আসা সরকারি কিছু কর্মকর্তার নির্দেশে এই বর্ধিত বেতন বন্ধ করে দেওয়া হয়।
ইয়ানুর ইসলাম বলেন, গতকাল থেকে দাবি আদায়ে আন্দোলন শুরু করল সংগঠনটি। এরই অংশ হিসেবে প্রতিদিন সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত কারখানার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা কর্মবিরতিসহ বিক্ষোভ ও সমাবেশ চালিয়ে যাবেন। দাবি পূরণ না হলে ৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেওয়া হবে।
মিল্ক ভিটার পরিচালনা পর্ষদের সভাপতি নাদির হোসেন বলেন, সরকারের নিয়োগ দেওয়া প্রতিনিধিদের নির্দেশেই বর্ধিত বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।