বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবি
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ধিত বেতন ও ভর্তি ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
‘সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’ ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলে, বেতন ও ভর্তি ফি বাড়ানোর কারণে অনেকে এখনো বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। বর্ধিত বেতন প্রত্যাহারের জন্য দুবার মেয়রকে স্মারকলিপিও দেওয়া হয়েছে, কিন্তু বেতন কমানো হয়নি। স্কুলগুলো তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য চাপ দিচ্ছে। এ অবস্থায় বর্ধিত বেতন-ফি প্রত্যাহার করে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক।
সমাবেশে অভিভাবকেরা বলেন, এক বছরের ব্যবধানে ভর্তি ফি বাড়ানো হয়েছে ৯৫০ টাকা। বেতনও বাড়ানো হয়েছে গত বছরের তুলনায় দ্বিগুণ। তাঁরা বলেন, বাড়তি বেতন ও ফি না নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অথচ সিটি করপোরেশন তা মানছে না।
সমাবেশ পরিচালনা করেন অভিভাবক শিখা দেবী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেয় শিক্ষার্থী তাহমিনা আকতার ও অভি দাশ। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন সেলিনা বেগম ও সাথিয়া বেগম।
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪৬টি স্কুল আছে।