বর্ধিত ভূমি উন্নয়ন কর আদায়ে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
সারা দেশে বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে ১৪ ফেব্রুয়ারি এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এক বছরের জন্য বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর আদায়ে নিষেধাজ্ঞা দেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা সোমবার শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, বি এম ইলিয়াস কচি ও জ্যোতির্ময় বড়ুয়া। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ।
আইনজীবী সূত্র বলেছে, ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের একটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে বরিশালের কৃষক দেওয়ান আবদুর রশিদ গত বছরের ১৭ আগস্ট হাইকোর্টে রিট করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। এরপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনকারীর করা এক সম্পূরক আবেদনের ওপর ১৪ ফেব্রুয়ারি শুনানি হয়। সূত্র বলেছে, ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের ৩ (১ এ) ধারা অনুসারে সরকার অফিসিয়াল গেজেট প্রকাশের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পুনর্বিবেচনা, বর্ধিত বা হ্রাস করতে পারবে। এর ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় ২০১৫ সালের ৩০ জুন একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে ভূমির উন্নয়ন কর বাড়ানো হয়। এরপর অধ্যাদেশের ওই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
রিটে বলা হয়, ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ-১৯৭৬ একটি অর্থনৈতিক বিষয়ক আইন। এটা অর্থবিল আকারে জাতীয় সংসদে পাশ হতে হবে। জাতীয় সংসদে পাশ করা ছাড়া কোনো সরকারি প্রজ্ঞাপন দিয়ে কর আদায় করা যাবে না। এর ওপর শুনানি নিয়ে গত বছরের ২২ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের ৩ (১ এ) ধারা কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। আইন সচিব, ভূমি সচিব, অর্থ সচিব ও বরিশালের জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।