বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহারের দাবিতে বরিশালে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ভূমির খাজনা বাড়ানোর প্রতিবাদ এবং বর্ধিত খাজনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটি’।
গতকাল বুধবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রীর কাছে দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সংসদে কিংবা বাইরে কোনো ধরনের আলোচনা ছাড়াই ভূমি মন্ত্রণালয় ভূমি উন্নয়ন কর বা ভূমির খাজনা বৃদ্ধি করেছে। এর ফলে ভূমি খাজনা ক্ষেত্রবিশেষে দুই থেকে সাত গুণ বেড়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের কৃষক এমনিতেই উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে কৃষি অলাভজনক খাতে পরিণত হয়েছে। এই সময়ে ভূমির খাজনা বৃদ্ধি নতুন সমস্যা সৃষ্টি করবে। অবিলম্বে বর্ধিত খাজনা প্রত্যাহার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। সবার আশা, ভূমি মন্ত্রণালয় শিগগিরই বর্ধিত খাজনা প্রত্যাহারের ঘোষণা দেবে।
সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ, সদস্যসচিব মো. ফারুক সিকদার, যুগ্ম আহ্বায়ক মো. নেছারউদ্দিন, আরিফুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার নেতা হারুন বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য হারুন অর রশীদ প্রমুখ। সভাপতিত্ব করেন মো. এসকান্দার আলী সিকদার।