বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দোকান বন্ধ রেখে প্রতিবাদ
বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহারের দাবিতে দোকান বন্ধ রেখে আজ মঙ্গলবার সকাল থেকে দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘট করেছে চট্টগ্রামের দোকানিরা। এ সময় নগরের নিউমার্কেট থেকে তিনপুলের মাথা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করেন বিভিন্ন বিপণি বিতানের দোকানিরা।
চিটাগাং শপ ওনার্স অ্যাসোসিয়েশন এই প্রতীকী ধর্মঘট ও মানববন্ধনের ডাক দেয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাসোসিয়েশনের নেতারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
মানববন্ধনে চিটাগাং শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম বলেন, প্যাকেজ ভ্যাটের কারণে ব্যবসায়ীরা দিশেহারা। ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীদের জন্য এটা একটা বোঝা। এর ফলে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, দোকান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এতে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। বর্ধিত দ্বিগুণ প্যাকেজ ভ্যাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এটা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সাধারণ সম্পাদক আহমদ হোছাইন বলেন, প্যাকেজ ভ্যাট এক লাফে ১৪ হাজার থেকে ২৮ হাজার টাকা করা হয়েছে। প্যাকেজ ভ্যাট দ্বিগুণ করার কারণে ব্যবসায়ীরা এখন উদ্বিগ্ন।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে নিউ মার্কেট, তামাকুমন্ডি লেই, রেয়াজ উদ্দিন বাজার, শাহ আমানত মার্কেট, গোলাম রসুল মার্কেট, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজা, চকবাজারের গুলজার টাওয়ার, টেরিবাজার, মিমি সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটের বেশির ভাগ দোকান বন্ধ ছিল। মানববন্ধনে বিভিন্ন বিপণি বিতানের পক্ষ থেকে দোকানিরা ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেন।
এ সময় আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম ককসি, তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সানমার ওশান সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, আবদুল জব্বার, আবু তালেব, ইয়াছিন চৌধুরী, বেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এত দিন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার দোকান মালিকেরা বিক্রির ওপর বছরে নির্দিষ্ট অঙ্কের মূল্য সংযোজন কর অর্থাৎ প্যাকেজ ভ্যাট দিয়ে আসছিলেন। তবে এ বছর তা পরিবর্তন করে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের বিধান করা হয়। চলতি বছরের জুলাই থেকে নতুন হিসাবে ভ্যাট আদায়ের কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী তা এক বছর পিছিয়ে দেন। তবে প্যাকেজ ভ্যাট ১৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়।