বর্ধিত মাশুল আদায়ের নতুন সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ডিপোতে কনটেইনার পরিবহনের বর্ধিত সেবামাশুল আদায়ের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নির্ধারিত তারিখ অনুযায়ী বর্ধিত সেবামাশুল আদায় করা হবে বলে জানান বেসরকারি ডিপোর মালিকেরা।
বন্দর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার সেবামাশুল-সংক্রান্ত একটি চিঠি দেন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতিকে। চিঠিতে রপ্তানি কনটেইনার পরিবহনের বর্ধিত মাশুল ১ এপ্রিল থেকে এবং খালি কনটেইনারের মাশুল ১০ মার্চ থেকে আদায় করার জন্য অনুরোধ করা হয়।
চিঠি পাওয়ার কথা জানিয়ে কনটেইনার ডিপো মালিক সমিতির (বিকডা) সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, বন্দরের চিঠি পাওয়ার পর বুধবার সংগঠনের পর্ষদ সভা হয়েছে। সভায় বন্দরের নির্ধারিত তারিখ অনুযায়ী বর্ধিত মাশুল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিপো মালিক সমিতির সংগঠন ‘বিকডা’ গত বছরের ১২ নভেম্বর কনটেইনার পরিবহনের সেবামাশুল ১৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়িয়েছিল। তখন ১ জানুয়ারি থেকে খালি কনটেইনার এবং ১ মার্চ থেকে রপ্তানি পণ্যের সেবামাশুল কার্যকরের ঘোষণা দেয় সংগঠনটি। বিষয়টি নিয়ে ব্যবহারকারীরা আপত্তি জানায়। বিতর্ক তৈরি হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ সব পক্ষকে নিয়ে একটি কমিটি করে। কমিটি নতুন করে সেবার মাশুল সাড়ে ১৩ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করে প্রতিবেদন দেয়। ১০ মার্চ বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমোডর জুলফিকার আজিজ প্রতিবেদনটি বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খানের কাছে হস্তান্তর করেন।
ওই দিনই বিকডা বিজ্ঞপ্তি দিয়ে ব্যবহারকারীদের জানায়, নতুন করে বর্ধিত সেবামাশুল আগের ঘোষণা অনুযায়ী যথাক্রমে ১ জানুয়ারি ও ১ মার্চ থেকে কার্যকর হবে। এরপরই রপ্তানি পণ্য বিদেশি ক্রেতার কাছে পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিষয়টির প্রতিবাদ জানায়। এই চিঠির পর বন্দর থেকে বিকডার কাছে বর্ধিত মাশুল আদায়ের তারিখ নির্ধারণ করে চিঠি দেওয়া হয়।
চট্টগ্রামে অবস্থিত ১৭টি অনুমোদিত বেসরকারি কনটেইনার ডিপো রয়েছে। বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৭ ধরনের কনটেইনারভর্তি পণ্য এসব ডিপোতে এনে খালাস বাধ্যতামূলক। আবার রপ্তানি পণ্যের ৯০ শতাংশ এসব ডিপোতে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়। এ ছাড়া ডিপোগুলো খালি কনটেইনার সংরক্ষণ করে। আমদানিকারক, কনটেইনার মালিকপক্ষ, রপ্তানিকারকের পক্ষে ফ্রেইট ফরোয়ার্ডাররা বেসরকারি ডিপোর গ্রাহক।