বর্ধিত মাশুল আদায়ের সময়সীমা পেছাল
বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানি পণ্যবোঝাই ও খালি কনটেইনার পরিচালনকাজের সেবামাশুল বাড়ানোর সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে মাশুল পুনরায় নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বন্দর ভবনে বন্দর চেয়ারম্যানের সঙ্গে ব্যবহারকারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সাংবাদিকদের সিদ্ধান্তের বিষয়ে জানান।
ডিপো-মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) গত বছরের ১২ নভেম্বর বেসরকারি কনটেইনার ডিপোতে আমদানি-রপ্তানি পণ্য ও খালি কনটেইনার পরিবহনের সেবামাশুল সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিকডা ও ব্যবহারকারীরা পাল্টাপাল্টি অবস্থানে চলে যায়। এ পরিস্থিতিতে মাশুল নিয়ে দুই পক্ষের বিরোধ নিরসনে গতকাল এই সভা আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ।
গতকালের বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান বলেন, বৈঠকে বন্দরের পর্ষদ সদস্য কমোডর শাহীন রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ ফেব্রুয়ারি বেসরকারি ডিপোর মাশুল পুনর্নির্ধারণ করে প্রতিবেদন জমা দেবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান, চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলমসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান সাংবাদিকদের বলেন, ‘কমিটিতে সব ব্যবহারকারী সংস্থার প্রতিনিধি আছেন। তাই কমিটির সিদ্ধান্তই আমরা মেনে নেব।’