বর্ধিত সভা ডেকে নির্বাচনে মনোনয়ন চাইলেন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন চাইলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

ফরিদপুর-১ আসনটি বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। সেদিনের বর্ধিত সভায় মোশাররফ হোসেন বর্তমান সাংসদ আবদুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। গত শনিবার বেলা ১১টার দিকে বোয়ালমারী উপজেলা অডিটরিয়ামে ওই সভার আয়োজন করা হয়। সভা চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। সভায় অংশগ্রহণকারীদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণ ও সাংগঠনিক আলোচনার জন্য এ সভা আহ্বান করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের এই বর্ধিত সভায় তৃণমূলের বিভিন্ন পর্যায়ের ২২ জন নেতা বক্তব্য দেন। তৃণমূলের ওই নেতাদের বক্তব্য, দীর্ঘ আট বছর বর্তমান সাংসদ তাঁদের খোঁজ নেন না। তাঁরা বলেন, ‘সুখের সময় আমাদের খোঁজ নেওয়া হয় না। অথচ ভোটের সময় এলেই প্রভাবশালী নেতাদের তোড়জোড় বেড়ে যায়।’ তাঁদের দাবি, আগামী নির্বাচনে এমন ব্যক্তিকে দলের মনোনয়ন দিতে হবে যে নেতাকে তৃণমূলের কর্মীরা প্রয়োজনের সময় এবং বিপদ-আপদে কাছে পান।

সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি ও আমার পরিবার সম্পৃক্ত। দলের কাছে শেষ সময় মনোনয়ন চাওয়া তো অপরাধ নয়।’ বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ সাংসদপন্থী ও সাংসদবিরোধী এই দুই ভাগে বিভক্ত। বোয়ালমারীতে মোশাররফ সাংসদবিরোধী অংশের নেতৃত্ব দেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ সাংসদপন্থী অংশের নেতৃত্ব দেন। শাহজাহার মীরদাহ বলেন, ‘দলের বর্ধিত সভার কথা আমার জানা নেই। দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাকে এ জাতীয় কোনো সভা ডাকতে আহ্বান জানাননি সভাপতি।’