আগামী শুক্রবার ফরিদপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। ওই সভা আহ্বান এবং তাতে যোগ দেওয়া নিয়ে ফরিদপুর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন এ সভা আহ্বান করেছেন। শুক্রবার বিকেল চারটায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এ সভা হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর সদর আসনের সাংসদ শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন। এতে সাংগঠনিক কর্মকাণ্ড ও কেন্দ্রীয় নেতাদের সফরের তারিখ নিয়ে আলোচনা করা হবে।দলীয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচনের পর শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তৎকালীন সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এতে জেলা আওয়ামী লীগ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ২০১০ সালের ২৪ জানুয়ারি হাসিবুল হাসান মারা যান। ২ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হাসিবুলের অনুজ জেলা আওয়ামী লীগের ৫২ নম্বর সদস্য মনিরুল হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে প্রস্তাবটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্র ওই প্রস্তাবটি অনুমোদন করেনি।জেলা কমিটির এক নম্বর সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন দলের গঠনতন্ত্র অনুযায়ী নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। ওই সময় থেকে হাসিবুল সমর্থিত অংশ মনিরুল হাসানকে এবং শ্রমমন্ত্রী সমর্থিত অংশ সৈয়দ মাসুদ হোসেনকে জেলা কমিটির ‘প্রকৃত’ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতে থাকেন। শ্রমমন্ত্রী সমর্থিত অংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন গতকাল বলেন, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী এক নম্বর যুগ্ম সম্পাদক হিসেবে আমি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি এ সভা সম্পর্কে কিছুই জানি না। সভাপতি আমাকে এ সভা আহ্বান করতে বলেননি। আমি যদি সভাপতির অনুরোধ সত্ত্বেও সভা ডাকতে রাজি না হতাম কিংবা সভা ডাকতে অস্বীকৃতি জানাতাম তখন সভাপতি নিজে এ সভা ডাকতে পারতেন। কিন্তু আমাকে না জানিয়ে সভা ডাকা হয়েছে।’ সৈয়দ মাসুদ হোসেন বর্ধিত সভার কোনো আমন্ত্রণ পাননি দাবি করে বলেন, ‘আমি বর্ধিত সভার কোনো আমন্ত্রণ পাইনি। তাই ওই সভায় যোগ দেওয়ার কোনো সুযোগ নেই।’ দলের অপর অংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল হাসান বলেন, ‘সাধারণ ক্ষেত্রে সভাপতির নির্দেশে সাধারণ সম্পাদক বর্ধিত সভা আহ্বান করে থাকেন। কিন্তু সভাপতি এ ব্যাপারে আমার সঙ্গে কোনো আলাপ করেননি।’ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন বলেন, ‘৩ আগস্ট আমি সভাপতি হিসেবে এ সভা আহ্বান করি। সভার আমন্ত্রণপত্র নোটিশ ও চিঠি উভয় মাধ্যমে জেলা শাখার প্রতি সদস্যের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’ কাজী জায়নুল আবেদীন আরও জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে সে বিষয়টি অমীমাংসিত। এ কারণে কোনো পক্ষের সাধারণ সম্পাদককে সভা আহ্বানের দায়িত্ব দেওয়া হয়নি।