বর্ধিত সভা শেষ, সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছাত্রলীগের
গঠনতন্ত্র সংশোধন, আলোচনা, কর্মশালা, কনসার্টসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হলো ছাত্রলীগের চার দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান ও বর্ধিত সভা। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে অতীতের সব গলদ মিটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।শনিবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কর্মশালার আয়োজন করা হয়। সোমবার বর্ধিত সভায় গঠনতন্ত্রের ৯, ১০ ও ১১ ধারায় পরিবর্তন আনা হয়। সংশোধনীতে উপজেলা কমিটির পদসংখ্যা ৫১ থেকে ৬১টি, জেলা কমিটি ১০১ থেকে ১২১ জন এবং কেন্দ্রীয় কমিটির পদসংখ্যা ২০১ থেকে ২৫১টি করা হয়েছে। আর নতুন সৃষ্ট ১১টি সম্পাদকীয় পদ গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার পাশাপাশি এগুলোর দায়িত্ব সন্নিবেশ করা হয়েছে।ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্রের তিনটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। কিছুদিনের মধ্যেই সংশোধনীসহ নতুন গঠনতন্ত্র ছাপানো হবে।কর্মসূচির শেষ দিনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, ফকির আলমগীর ও শাহীন সামাদ এবং কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, ন্যান্সি ও রিংকু। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া ব্যান্ড দলের মধ্যে ছিল জেমসের নেতৃত্বে নগর বাউল, প্রমিথিউস, আর্ক, শিরোনামহীন, লালন, আর্টসেল ও মাইলস।সিদ্দিকী নাজমুল আলম বলেন, চার দিনের কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে অংশ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে।