বর্ধিত সভার বদলে জনসভা ক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে দলের তৃণমূল নেতা-কর্মীদের দূরত্বের সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, নেতা-কর্মীদের ক্ষোভের কথা স্থানীয় মন্ত্রী শুনতে আগ্রহী নন। এ জন্য তাঁর অনুরোধে কেন্দ্রীয় নেতারা জেলা আওয়ামী লীগের আহ্বান করা বর্ধিত সভা এড়িয়ে জনসভার আয়োজন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রমেশ চন্দ্র সেনের কাছে লেখা এক চিঠিতে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলের মধ্যে মতানৈক্য ও ভুল-বোঝাবুঝির আবসানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সম্পৃক্ত করে ভবিষ্যতের কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে আন্তরিক হওয়ার পরামর্শ দেওয়া হয়।
নির্দেশনা পেয়ে ৩ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ সভা করে ৮ সেপ্টেম্বর (আজ) বিডি হলে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে রমেশ চন্দ্র সেনের পরামর্শে তা পরিবর্তন করে একই দিন জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়। জনসভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ আসাদুজ্জামান নূরসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ইন্দ্র নাথ রায় অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর জেলা আওয়ামী লীগের কোনো বর্ধিত সভা হয়নি। জনবিচ্ছিন্ন হওয়ায় স্থানীয় সাংসদ-মন্ত্রীদের বিরুদ্ধে তৃণমূলের ক্ষোভের শেষ নেই। তৃণমূলের কথা শুনে তাঁদের অসন্তোষ ও ক্ষোভ দূর করে সংগঠনকে গুছিয়ে নেওয়ার জন্য তাই তাঁরা বর্ধিত সভা আয়োজন করতে চেয়েছিলেন। কিন্তু কিছু নেতার বিরোধিতার কারণে তৃণমূলের ক্ষোভ জিইয়ে রাখা হলো।’
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক কর্মী বলেন, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী মন্ত্রীর প্রশ্রয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ঠিকাদারির কাজে সিন্ডিকেট গড়ে তুলে কোটি টাকার মালিক বনে গেছেন। এ কারণে অধিকাংশ নেতা-কর্মী মন্ত্রীর ওপর বিরক্ত হয়ে দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। বর্ধিত সভার মাধ্যমে এসব নেতা-কর্মীর ক্ষোভ দূর করা যেত। কিন্তু সে সুযোগ হাতছাড়া হয়ে গেল।
ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত বলেন, মাঠপর্যায়ের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। নির্বাচনে জয়লাভ করতে হলে তাঁদের মতামত উপেক্ষা করা যাবে না।
তবে দ্বিমত পোষণ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঠাকুরগাঁওয়ে বর্ধিত সভা করার প্রয়োজন নেই। কেন্দ্রীয় নেতারা সংগঠনের কাজ করবেন। তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের কথা শোনা তাঁদের কাজ নয়।
রমেশ চন্দ্র সেন বলেন, কেন্দ্র থেকে বর্ধিত সভা নয়, ঠাকুরগাঁওয়ে জনসভা করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব জেলায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়নি, সেসব জেলায় শুধু বর্ধিত সভা আহ্বান করা হচ্ছে।