নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হওয়ায় সময় বাড়ানো হয়েছিল। এরই মধ্যে শেষ হয়ে গেছে সেই বর্ধিত সময়সীমাও। কিন্তু ময়মনসিংহ টাউন হল মিলনায়তনের কাজ এখনো শেষ হয়নি।সূত্র জানায়, টাউন হল মিলনায়তনের নির্মাণকাজ শেষ করার বর্ধিত সময়সীমা ছিল গত ১২ জুন পর্যন্ত। কিন্তু এখনো নির্মাণকাজের অনেকখানি বাকি রয়ে গেছে।এ ব্যাপারে ময়মনসিংহ পৌরসভা কার্যালয়ে খোঁজ নিতে গেলে প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. আজহারুল হক প্রথম আলোকে বলেন, ‘মিলনায়তনের নির্মাণকাজের ৯০ শতাংশই শেষ। বরাদ্দ করা অর্থ সময়মতো পাওয়া যায়নি বলে নির্ধারিত সময় ও বর্ধিত সময়ের মধ্যে কাজ কাজ শেষ হয়নি।’সংশ্লিষ্ট সূত্র জানায়, চার কোটি ৪৬ লাখ টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর। কাজ শেষ করার সময়সীমা ছিল ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর। প্রথম দফায় তিন কোটি টাকা পাওয়া যায়। এ কারণে কাজ বেশ দ্রুত এগিয়ে চলে। কিন্তু এরপর নির্ধারিত সময়ে আর কোনো টাকা পাওয়া যায়নি। তাই প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারিপ্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে পারেনি। পরে নির্মাণকাজ শেষ করার সময়সীমা বাড়ানো হয়। বর্ধিত সময়ের একেবারে শেষের দিকে পাওয়া যায় এক কোটি টাকা। বাকি ৪৬ লাখ টাকা এখনো না পাওয়া যাওয়ায় রং করাসহ আনুষঙ্গিক কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে।এদিকে দ্রুত কাজ শেষ করে মিলনায়তনটির উদ্বোধনের দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহাদাত হোসেন খান প্রথম আলোকে বলেন, মিলনায়তনের অভাবে ময়মনসিংহে নাট্যচর্চা বাধগ্রস্ত হচ্ছে।ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক বলেন, ‘ময়মনসিংহ শিল্প-সাহিত্য ও শিক্ষার শহর। এ শহরে টাউন হল মিলনায়তনের নির্মাণকাজ বিলম্বিত হওয়া খুবই দুঃখজনক।’ নির্মাণকাজ পূর্বনির্ধারিত ও বর্ধিত সময়ে শেষ না হওয়ার কারণ হিসেবে তিনিও সময়মতো অর্থ না পাওয়াকে দায়ী করেন।মেয়র বলেন, শিগগিরই টাকা পাওয়া যাবে এবং এ বছরের নভেম্বর মাস নাগাদ মিলনায়তনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।