কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মধ্যে মেঘনা নদীর ওপর দ্বিতীয় ভৈরব রেলসেতুর নির্মাণকাজ বর্ধিত সময়েও শেষ হচ্ছে না। প্রকল্প পরিচালক এ ইঙ্গিত দিয়েছেন।
প্রকল্পটি বাস্তবায়ন করছে রেল মন্ত্রণালয়। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সেতুটির নির্মাণকাজ ৩০ জুন শেষ করার কথা ছিল। পরে সময় বাড়িয়ে তা করা হয় ৩১ ডিসেম্বর। হাতে আছে আর মাত্র তিন মাস। কিন্তু কাজ বাকি রয়েছে ২৫ ভাগ। নদীর মাঝখানের তিনটি স্প্যান এখনো বসানো হয়নি। তা ছাড়া সেতুর ভৈরব ও আশুগঞ্জ প্রান্তে নির্মাণ করতে হবে আরও ছয়টি ছোট সেতু। লোকবল দ্বিগুণ করা হলেও এ সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।
গত সোমবার মুঠোফোনে জানতে চাইলে প্রকল্প পরিচালক আব্দুল হাই প্রথম আলোকে বলেন, ‘আমরা নিশ্চিত, বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী বছরের জুনের মধ্যে যেন কাজ শেষ হয়, এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালীসহ পূর্বাঞ্চলীয় জোনে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠা করতে ১৯৩৭ সালে মেঘনা নদীতে প্রথম সেতু নির্মাণ করা হয়। পরে সেতুটির নামকরণ হয় মুক্তিযুদ্ধে শহীদ হাবিলদার আব্দুল হালিমের নামে হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু। ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন প্রতিষ্ঠার অংশ হিসেবে দ্বিতীয় সেতু নির্মাণের এ উদ্যোগ নেওয়া হয়। ৯৮৪ মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৬৭ কোটি টাকা। ভারতীয় ঋণ সহায়তা (এলওসি ফান্ড) থেকে অর্থের জোগান এসেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানও ভারতীয়। নাম ইরকন-এফকনস জেভি। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়। ওই বছরের ২৫ ডিসেম্বর থেকে নির্মাণকাজ শুরু হয়।
গত শনিবার সরেজিমনে দেখা গেছে, ১২টি পিলারের মধ্যে ৮টি আছে নদীতে। নদীর মধ্যের ৩টি পিলারে এখনো স্প্যান বসানো হয়নি। এ বিষয়ে কথা বলতে ওই দিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের আশুগঞ্জ কার্যালয়ে অপেক্ষা করেও কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া যায়নি। তবে কয়েক দিন আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক অমিয়াংসু দাস নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না বলে গণমাধ্যমকর্মীদের ইঙ্গিত দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি শুরুর দিকে ঘন ঘন হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেন।