বছর বছর হল ভর্তি ফি বৃদ্ধি বন্ধ এবং ২০১৬ সালের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের পর এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ১০ বছরে যে পরিমাণ বেতন ফি বেড়েছে, সেটাকে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অন্যায্য বলে দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, ২০০৬ সালে যে ভর্তি ফি ছিল ১ হাজার ৭০০ টাকা, তা ২০১৬ সালে এসে দাঁড়িয়েছে ৬ হাজার টাকারও বেশি। হল ইউনিয়ন, লিটারেচার অ্যান্ড কালচার, রিলিজিয়ন ইত্যাদি আয়োজন হলে না থাকলেও এসব খাত উল্লেখ করে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। এই বর্ধিত ফি নেওয়া বন্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষা খাতে রাষ্ট্রীয় অনুদান বাড়ানোর দাবি জানান শিক্ষার্থীরা। সমাবেশ শেষে তাঁরা পরিচালক ছাত্রকল্যাণ বরাবর একটি স্মারকলিপি দেন।
শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। তবে শিক্ষার্থীরা যে দাবি করছেন, তা ঠিক নয়। তিনি এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।