বর্ধিত হারে কর আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এর ফলে চট্টগ্রাম সিটি করপোরেশন বর্ধিত কর আদায় করতে পারবে না। ২০১৬ সালের আগে যে হার ছিল, সেই হারে কর আদায় করতে পারবে।
১৯৮৬ সালের দ্য মিউনিসিপ্যাল করপোরেশন ট্যাক্সেশন রুলসের ২০, ২১ ও ২২ বিধি অনুসারে বর্ধিত কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের চার সদস্য গত সোমবার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রুলে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুসারে কর বৃদ্ধি, হ্রাস বা পুনর্মূল্যায়নের ক্ষমতা দেওয়া হয়েছে কেবল সংসদের হাতে। আইন প্রণয়ন ছাড়া সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ কর বৃদ্ধি, হ্রাস বা পুনর্মূল্যায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশন গত বছরের অক্টোবর থেকে বর্ধিত কর আদায় কার্যক্রম শুরু করে। ওই বিধিমালার ২২ বিধি অনুসারে রিটার্ন জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হচ্ছে। বিধিমালার ২০ বিধিতে ইমারত ও জমির ওপর ৭ শতাংশ হারে বাৎসরিক মূল্য নির্ধারণের বিষয়ে বলা আছে। অথচ সেখানে ১৭ শতাংশ হারে ধার্য করা হচ্ছে, এটি বেআইনি—এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।