বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর আদায়ে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত হারে ভূমি উন্নয়ন কর আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

এক বছরের জন্য ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ৩০ জুন ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা হিসেবে পরিচিত) বাড়ানো হয়। নিষেধাজ্ঞার ফলে এখন বর্ধিত হারে কর নিতে পারবে না সরকার। এর আগে যে হারে কর নেওয়া হতো, সে হারে নেওয়া যাবে।

১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের একটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে বরিশালের কৃষক দেওয়ান আবদুর রশিদ গত ১৭ আগস্ট হাইকোর্টে রিট করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। এরপর নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনকারীর করা এক সম্পূরক আবেদনের ওপর গতকাল শুনানি হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি  অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। 

আইনজীবী সূত্র বলেছে, ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের ৩(১এ) ধারা অনুসারে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পুনর্বিবেচনা, বর্ধিত বা হ্রাস করতে পারবে। এর ভিত্তিতে ভূমি মন্ত্রণালয় ২০১৫ সালের ৩০ জুন একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে ভূমির উন্নয়ন কর বাড়ানো হয়। এ অবস্থায় অধ্যাদেশের ওই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দেওয়ান আবদুর রশিদ রিট করেন।

রিট আবেদনে বলা হয়, ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ, ১৯৭৬ একটি অর্থনৈতিক বিষয়ক আইন। এটা অর্থবিল আকারে জাতীয় সংসদে পাস হতে হবে। জাতীয় সংসদে পাস করা ছাড়া কোনো সরকারি প্রজ্ঞাপন দিয়ে কর আদায় করা যাবে না। এটা সংবিধানের ৮১, ৮২ ও ৮৩ অনুচ্ছেদের পরিপন্থী। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২২ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে ১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের ৩(১এ) ধারা কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। আইনসচিব, ভূমিসচিব, অর্থসচিব ও বরিশালের জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুল বিচারাধীন থাকা অবস্থায় বর্ধিত হারে কর আদায়ের জন্য সংশ্লিষ্টরা নোটিশ দিচ্ছে ও হয়রানি করছে বলে নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক আবেদনটি করা হলে হাইকোর্ট ওই আদেশ দেন বলেন জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।