বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমাতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় করপোরেশনের ১২তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরভবন সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় ২০১৫-১৬ অর্থবছরে পঞ্চবার্ষিক অ্যাসেসমেন্ট ধার্যকৃত পৌরকর কমানো বিষয়ে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। পাঁচ সদস্যের কমিটিতে আছেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব ও ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ।

প্রসঙ্গত, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বরখাস্ত হওয়ার পর ২০১৫-১৬ অর্থবছরে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম নগরের হোল্ডিং ট্যাক্স কয়েক গুণ বৃদ্ধি করেন। অস্বাভাবিক হারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি, ব্যবসাপ্রতিষ্ঠানের সাইনবোর্ডের ওপর অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন, হরতাল, নগরভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করে আসছে নগরের বিভিন্ন সংগঠন। দায়িত্বে ফিরে সেই কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছেন মেয়র মোসাদ্দেক হোসেন।