রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা
বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার না হলে রাজশাহী অচলের হুমকি
রাজশাহী সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার পরিষদের কার্যালয়ে এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়। অন্যথায় হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে রাজশাহী অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিষদের নেতারা।
পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান, জ্যেষ্ঠ সহসভাপতি হামিদুল হক, সহসভাপতি আবদুল মান্নান, হারুন অর-রশিদ ও কল্পনা রায়, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, অর্থ সম্পাদক এন্তাজুল হক, আইনবিষয়ক সম্পাদক অঙ্কুর সেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মোশারফ হোসেন আখুঞ্জি, বার কাউন্সিলের সদস্য ইয়াহিয়া, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, অধ্যাপক জি এম হারুন, প্রকৌশলী কবির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে বিভিন্ন সভা-সমাবেশে সব দলের নেতারাই নির্বাচিত হলে জনগণের ওপর বাড়তি কর আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর তাঁরা সব ভুলে গেছেন। তাঁরা আগের চেয়ে অনেক গুণ বেশি হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছেন। এমনকি রাজশাহী সিটি করপোরেশনে আপিল আবেদন করার ফরমের দাম আগে ছিল মাত্র ১৫ টাকা, যা এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরবাসীকে প্রতারিত করছে।
বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে বড় কোনো শিল্পকারখানা নেই, বন্দর নেই। ফলে মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগও নেই। এ ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামান্যতম উদ্যোগ নেই। তাঁরা ট্যাক্স বৃদ্ধিকে জুলুম হিসেবে অভিহিত করে এ থেকে পরিত্রাণ চান। তাঁরা নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জরুরি সভা ডেকে নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আরোপিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবি জানান। এক সপ্তাহের মধ্যে বর্ধিত ট্যাক্স প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থাসহ হরতাল কর্মসূচি ঘোষণা করার কথা বলেন বক্তারা। প্রয়োজনে রাজশাহীর সব সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজশাহী অচল করে দেওয়া হবে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ভূমি মন্ত্রণালয় ঘোষিত খাজনা শতকপ্রতি সাত টাকা ছিল, যা এখন বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সভায় বলা হয়, জনগণের সামর্থ্যের মধ্যে খাজনা নির্ধারণ করা উচিত।
বক্তারা এও বলেন, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে, যার সুফল দেশের এক শতাংশ মানুষ পাচ্ছে। পক্ষান্তরে দেশের ৯৯ শতাংশ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কষ্ট পাচ্ছে। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।