বর্বর ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ
যশোরের মনিরামপুর উপজেলার একটি গ্রামে নারীর প্রতি বর্বর নির্যাতনের ঘটনায় পুলিশ অবশেষে মামলা নিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মনিরামপুর থানা পুলিশের একটি দল নির্যাতিত গৃহবধূর বাড়িতে গিয়ে ঘটনার খোঁজখবর নেয় এবং নিয়মিত মামলা তালিকাভুক্ত করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনাটি নিয়মিত মামলা হিসেবে তালিকাভুক্ত করে উপপরিদর্শক (এসআই) নিশিকান্ত সরকারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্যাতিত গৃহবধূ, তাঁর পরিবারের সদস্য ও চিকিত্সকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূর যৌনাঙ্গে ছুরি ঢুকিয়ে নির্যাতন চালানো হয়। ওই গৃহবধূ যশোর জেনারেল হাসপাতালে ১৫ দিন চিকিত্সাধীন ছিলেন। তাঁর অসচ্ছল পরিবারের পক্ষে চিকিত্সা চালিয়ে নেওয়াটা বেশ কষ্টের। তাই অসুস্থ শরীরেই গতকাল বিকেলে তিনি বাড়ি ফিরে গেছেন। তিন মাস পরে ক্ষত স্থানে আরেকটি অস্ত্রোপচার করতে হবে বলে চিকিত্সকেরা জানিয়েছেন।
মনিরামপুর থানার পুলিশ এ ঘটনায় মামলা না নিয়ে বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে তালিকাভুক্ত করে। ঘটনার পর ১৫ দিন ধরে পুলিশ এ বিষয়ে নির্বিকার ছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গতকাল প্রথম আলো ডটকমে ‘এত বর্বরতা, তবু নির্বিকার পুলিশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।খবরটি ওই দিন সর্বাধিক পঠিত হয়।
এ বিষয়ে প্রথম আলো ডকটমের পক্ষ থেকে গতকাল যশোরের সহকারী পুলিশ সুপার (খ-অঞ্চল) মোস্তফা কামালের কাছে জানতে চাওয়া হয়। এর পরপরই তড়িঘড়ি করে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গতকাল সন্ধ্যায়ই মামলা হিসেবে বিষয়টি তালিকাভুক্ত করা হয়।
মামলার ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের একটা মিসটেক (ভুল) হয়েছিল। ঈদের মধ্যে ঘটনাটি ঘটে। তখন আমি ছিলাম ছুটিতে। যার জন্য বিষয়টি চাপা পড়ে গেছে। পুলিশের যে কর্মকর্তা ঘটনাটি জিডি হিসেবে নথিভুক্ত করেন, তিনি সদ্য পুলিশে যোগদান করেছেন। ওই সময়ে তিনিই থানার দায়িত্ব কর্মকর্তা হিসেবে ছিলেন।’
মানবাধিকার কমিশনের তদন্তের উদ্যোগ
এ ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক এম রবিউল ইসলাম যশোরে গেছেন। আগামীকাল তিনি সরেজমিন তদন্তের জন্যে মনিরামপুর উপজেলায় যাবেন বলে জানা গেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ দুপুরে জাতীয় মানবাধিকার কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যশোর জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের কাছে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক এম রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘“প্রথম আলো”র প্রতিবেদনের ভিত্তিতে কমিশন উদ্বিগ্ন হয়ে জরুরি দায়িত্ব দিয়ে আমাকে যশোরে পাঠিয়েছে। নির্যাতিত ওই নারীর কী ধরনের চিকিত্সা দরকার? কেন এমন বর্বর ঘটনা ঘটল? ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা কী ছিল? এসব বিষয়ে তদন্ত করা হবে।’ রবিউল ইসলাম আরও বলেন, ওই ঘটনার পর পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিল, তা ফ্যাক্সযোগে জানানোর জন্যে যশোরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সহায়তা করতে চান যাঁরা
গতকাল প্রথম আলো ডটকমে‘এত বর্বরতা, তবু নির্বিকার পুলিশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি পড়ে অনেক পাঠক নির্যাতিত ওই গৃহবধূকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন।
আগ্রহী ব্যক্তিরা ওই গৃহবধূকে নিচে দেওয়া ব্যাংক হিসাব নম্বরে সাহায্য পাঠাতে পারেন।
জনতা ব্যাংক (মনিরামপুর শাখা)
আরও জানতে ক্লিক করুন